সারাবিশ্ব

মসজিদ রক্ষায় এক পায়ে লড়েছিলেন, সেই নেপালি যুবককে উমরাহর সুযোগ দিল সৌদি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:১৬ পিএম

মসজিদ রক্ষায় এক পায়ে লড়েছিলেন, সেই নেপালি যুবককে উমরাহর সুযোগ দিল সৌদি
ছবি: সংগৃহীত

মসজিদ রক্ষায় এক পায়ে দাঁড়িয়ে হামলাকারীদের প্রতিরোধ করে আলোচনায় আসা নেপালি যুবক শেখ রাহেমুল্লাহ এবার সৌদি আরবে উমরাহ পালনের সুযোগ পেয়েছেন। সাহসিকতার স্বীকৃতি হিসেবে সৌদি দাতা ও আয়োজকদের পৃষ্ঠপোষকতায় বাবা-মাকে সঙ্গে নিয়ে মক্কায় যান ৩২ বছর বয়সী এই যুবক।

ঘটনাটি চলতি বছরের জানুয়ারির শেষ দিকে। নেপালের রওতাহাট জেলার একটি মসজিদে একদল উচ্ছৃঙ্খল লোক হামলার চেষ্টা করলে এক পায়ে ভর করে ক্রাচ ও লাঠি হাতে তাদের প্রতিরোধ করেন রাহেমুল্লাহ। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

ভাইরাল ভিডিওটি নজরে আসার পর সৌদি আরবের কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমকর্মী ও অধিকারকর্মী ওই সাহসী যুবককে খুঁজে বের করার উদ্যোগ নেন। পরে তাদের অনুসন্ধানে রাহেমুল্লাহর পরিচয় নিশ্চিত হয়। এরপরই তার জন্য খুলে যায় সৌদি আরব সফর ও উমরাহ পালনের সুযোগ।

গত ৫ আগস্ট রাহেমুল্লাহ বাবা-মাকে সঙ্গে নিয়ে সৌদি আরবে পৌঁছান। মক্কায় অবস্থানকালে সৌদি নাগরিক ও স্থানীয় বাসিন্দারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বিভিন্ন উপহার দিয়ে সম্মানিত করেন।

শুধু উমরাহ পালনের সুযোগ দেওয়াই নয়, হারানো পায়ের জন্য কৃত্রিম অঙ্গ দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। এ দায়িত্ব নিয়েছে বাদার অ্যাসোসিয়েশন। ফলে এই সফর রাহেমুল্লাহর জন্য ধর্মীয় ইবাদতের পাশাপাশি জীবনে নতুন সম্ভাবনার দ্বারও খুলে দিয়েছে।

সৌদি আরবে রাহেমুল্লাহ ও তার পরিবারের সঙ্গে দেখা করেন ভারতের কেরালার তরুণ মুসলিম কনটেন্ট নির্মাতা মোহাম্মদ রাফি। সফরকালে তিনি তাদের সঙ্গ দেন। রাফি জানান, কয়েকজন সৌদি নাগরিকের সহযোগিতায় রাহেমুল্লাহ উমরাহ পালনের সুযোগ পেয়েছেন।

রাফির ভাষ্য, আল্লাহর কৃপা এবং কয়েকজন সৌদি ভাইয়ের সহযোগিতায় রাহেমুল্লাহ উমরাহ পালন করতে পেরেছেন। মক্কা ও মদিনায় তিনি এবং তার পরিবার যে আতিথেয়তা পেয়েছেন, তাতে তারা অত্যন্ত আনন্দিত।

রাফি আরও বলেন, রাহেমুল্লাহর এই সফর কখনো ভুলে যাওয়ার মতো নয়। উমরাহ পালনের সময় তার আনন্দ ছিল বর্ণনাতীত। তার পুরো ঘটনাটি ধৈর্য, দৃঢ়তা ও ঈমানের এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে উঠেছে।

গত ১৪ আগস্ট রাহেমুল্লাহ ও তার পরিবার সৌদি আরব থেকে নেপালের উদ্দেশে রওনা দেন। সঙ্গে নিয়ে যান মক্কা-মদিনার স্মৃতি এবং সৌদি দাতা ও এই সফরের সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা।

সূত্র: আরব নিউজ