সারাবিশ্ব

সমঝোতার মেয়াদ শেষ, ইরানকে ‘সাদা পতাকা তুলে আত্মসমর্পণের’ আহ্বান ট্রাম্পের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:৪৬ এএম

সমঝোতার মেয়াদ শেষ, ইরানকে ‘সাদা পতাকা তুলে আত্মসমর্পণের’ আহ্বান ট্রাম্পের
ছবিঃ সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে করা সমঝোতা স্মারকের (এমওইউ) ৬০ দিনের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে ওই সমঝোতার মেয়াদ বাড়াতে ওয়াশিংটন আগ্রহী নয়। একই সঙ্গে তিনি ইরানকে ‘সাদা পতাকা তুলে আত্মসমর্পণ’ করার আহ্বান জানিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। বৃহত্তর একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দুই দেশকে আলোচনার জন্য ৬০ দিনের সময় দেওয়া হয়েছিল। সোমবার (১৭ আগস্ট) সেই সময়সীমা শেষ হয়েছে। তবে এখনো কোনো পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ।

সমঝোতার মেয়াদ বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, ‘না’। তিনি জানান, ইরান আলোচনায় আগ্রহী হলেও যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তি চায়, তেহরান তাতে রাজি নয়।

ট্রাম্প বলেন, ‘তারা চুক্তি করতে চায়। কিন্তু আমি যে ধরনের চুক্তিকে প্রয়োজনীয় মনে করি, তারা সেই ধরনের চুক্তি করবে না।’

ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে নিজের অবস্থানও পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা যাবে না।

এদিকে সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের ‘গুরুতর’ লঙ্ঘনের কারণে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমার এখন আর কার্যকারিতা নেই। ইরানের ওপর হামলা হলে দেশটির বাহিনী জবাব দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

হরমুজ প্রণালি নিয়েও ট্রাম্পের দাবি

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিও আবারও করেছেন ট্রাম্প। সম্প্রতি তিনি প্রণালিটিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার ধারণার কথা বলেছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এটি দারুণ একটি ধারণা।’

তিনি দাবি করেন, নৌ অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র বর্তমানে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে। তার ভাষায়, মার্কিন নৌ অবরোধ অত্যন্ত কার্যকর হয়েছে এবং প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পুরোপুরি নিয়ন্ত্রণ’ রয়েছে।

তবে ইরান কিছুটা সমস্যা তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ফলে প্রতি সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন করা সম্ভব হচ্ছে। তিনি বলেন, প্রণালিটি খোলা থাকায় তেলের দাম কমছে এবং ভবিষ্যতে আরও কমতে পারে।

তবে পরিস্থিতি পরিবর্তন হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বলেও সতর্ক করেন ট্রাম্প। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ইরান বর্তমানে ‘বড় সমস্যার মধ্যে’ রয়েছে।