সারাবিশ্ব
জাপান সাগরে একযোগে প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া
জাপান সাগরের দিকে একযোগে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের উপকূলীয় এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম নিউজ ওয়ান এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলোর উড্ডয়নপথ, পাল্লা ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। একই সঙ্গে উত্তর কোরিয়া নতুন কোনো সামরিক পদক্ষেপ নেয় কি না, তা পর্যবেক্ষণে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।
দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান যৌথভাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসংক্রান্ত তথ্য আদান-প্রদান করছে। এর আগে গত ১২ আগস্ট সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং।
এদিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ ‘উলচি ফ্রিডম শিল্ড’ সামরিক মহড়ার সময়সীমা ২১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহড়াটির পরিসর ও সময়সীমা কমানোর পরামর্শ দিয়েছিলেন।
তবে মহড়ার পরিসর ও সময় কমানোর সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, মহড়ার সময়সূচিতে পরিবর্তন আনা হলেও এর মূল আগ্রাসী ও উসকানিমূলক চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।
উত্তর কোরিয়ার পক্ষ থেকে এমন অবস্থান জানানোর পরপরই নতুন করে প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটল। এতে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।