সারাবিশ্ব

ভিয়েনার জাদুঘর থেকে মিসরের রাজপরিবারের ৬৭৩ হীরার নেকলেস চুরি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪৬ পিএম

ভিয়েনার জাদুঘর থেকে মিসরের রাজপরিবারের ৬৭৩ হীরার নেকলেস চুরি
ছবি: সংগৃহীত

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি জাদুঘর থেকে মিসরের সাবেক রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক হীরার নেকলেস চুরি হয়েছে। ৬৭৩টি হীরা বসানো প্ল্যাটিনামের নেকলেসটির ২০১৫ সালের নিলামমূল্য ছিল ৪৩ লাখ ডলার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ভিয়েনার মিউজিয়াম অব অ্যাপ্লায়েড আর্টসে এ চুরির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সাধারণ দর্শনার্থীর মতো টিকিট কেটে দুই ব্যক্তি জাদুঘরে প্রবেশ করে। পরে প্রদর্শনী কক্ষে থাকা কাচের সুরক্ষিত বাক্স ভেঙে নেকলেসটি নিয়ে পালিয়ে যায় তারা।

চুরি হওয়া নেকলেসটিতে ২০০ ক্যারেটেরও বেশি হীরা রয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুই চোরের কারও মুখে মুখোশ ছিল না। তাদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র সদৃশ অস্ত্রও দেখা যায়।

নেকলেসটি চুরি করে তারা দ্রুত জাদুঘরের দক্ষিণ দিকে অবস্থিত ভিয়েনা স্ট্যাডপার্কের দিকে পালিয়ে যায়। তাদের ধরতে স্নিফার ডগ ও ফরেনসিক বিশেষজ্ঞদের সহায়তায় অভিযান চালাচ্ছে অস্ট্রিয়ার পুলিশ।

ঐতিহাসিক নেকলেসটি তৈরি করেছিল ফ্রান্সের বিখ্যাত গহনা নির্মাতা প্রতিষ্ঠান ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলস। ১৯৩৯ সালে মিসরের রানি নাজলি তার মেয়ে ফাওজিয়ার সঙ্গে ইরানের তৎকালীন যুবরাজ মোহাম্মদ রেজা পাহলভির রাজকীয় বিয়ের অনুষ্ঠানে নেকলেসটি পরেছিলেন।

সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা থাকা একটি বিশেষ প্রদর্শনীর অংশ হিসেবে নেকলেসটি ভিয়েনায় আনা হয়েছিল। চুরির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাদুঘরের মহাপরিচালক লিলি হোলিন।

তিনি জানান, জাদুঘরে কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও চুরিটি ঠেকানো সম্ভব হয়নি। তবে কর্মীরা পরিস্থিতি শান্তভাবে সামাল দেওয়ায় এ ঘটনায় কেউ হতাহত হননি।