সারাবিশ্ব
কোনো মুসলিম মক্কায় হামলার চিন্তা করার সাহসও করবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী
পবিত্র নগরী মক্কায় হামলার কথা কোনো মুসলমান চিন্তাও করতে পারে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এর আগে দুই সপ্তাহ আগে সৌদি আরব অভিযোগ করে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। তবে সৌদি আরবের এই অভিযোগকে নৃশংস মিথ্যাচার বলে প্রত্যাখ্যান করেছে হুথিরা।
শেহবাজ শরিফ বলেন, কোনো মুসলমানের পক্ষেই পবিত্র মক্কায় হামলার মতো জঘন্য অপরাধের কথা চিন্তা করা সম্ভব নয়। এমন হামলার চেষ্টা মুসলিম বিশ্বকে ক্ষুব্ধ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
জাতিসংঘের অধিবেশনে সৌদি আরবের পাশে থাকার কথাও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তান সম্পূর্ণভাবে ভাতৃপ্রতীম দেশ সৌদি আরবের পাশে আছে। ঐতিহাসিকভাবেও পাকিস্তান সৌদি আরবের পাশে ছিল।
সূত্র: আল-জাজিরা