সারাবিশ্ব

৭০ মিটার গভীর কূপে নেমে পাঁচ বছরের শিশুকে উদ্ধার করল ১১ বছরের ওমর


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পিএম

৭০ মিটার গভীর কূপে নেমে পাঁচ বছরের শিশুকে উদ্ধার করল ১১ বছরের ওমর
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে প্রায় ৭০ মিটার গভীর একটি সরু কূপে পড়ে যাওয়া পাঁচ বছরের শিশু জাইনুল্লাহকে উদ্ধার করে সাহসিকতার পরিচয় দিয়েছে ১১ বছরের হাজরত ওমর। প্রাপ্তবয়স্ক উদ্ধারকারীরা যেখানে শিশুটিকে উদ্ধারে ব্যর্থ হচ্ছিলেন, সেখানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কূপের গভীরে নেমে তাকে উদ্ধারে সহায়তা করে ওমর।

দুই দিন আগে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে শুকিয়ে যাওয়া ওই কূপে পড়ে যায় জাইনুল্লাহ। প্রায় ৭০ মিটার নিচে কূপের তলায় আটকে ছিল সে। তার পায়ের কাছে পানি জমে ছিল এবং মাথার ওপর থেকেও পানি পড়ছিল। উদ্ধারকারীরা ক্যামেরার সাহায্যে কূপের ভেতরে শিশুটির অবস্থান পর্যবেক্ষণ করছিলেন।

কূপটির ব্যাস মাত্র ৩০ সেন্টিমিটার হওয়ায় কোনো প্রাপ্তবয়স্কের পক্ষে সেখানে নামা সম্ভব ছিল না। জাইনুল্লাহকে উদ্ধারে দড়ি নামানো হলেও ভয় ও বয়সের কারণে সে সেটি শরীরে ঠিকভাবে বাঁধতে পারছিল না।

এমন পরিস্থিতিতে আরও তিন শিশুকে কূপের ভেতরে নামানোর চেষ্টা করা হয়। তবে সংকীর্ণ জায়গায় শ্বাস নিতে কষ্ট হওয়ায় তারা দ্রুত ওপরে উঠে আসতে বলে।

পরে উদ্ধারকারীরা ১১ বছরের হাজরত ওমরের সাহায্য চান। এর আগে একই ধরনের একটি উদ্ধার অভিযানে কূপে নামার অভিজ্ঞতা ছিল তার। প্রাপ্তবয়স্কদের সতর্কতা সত্ত্বেও চাচার সম্মতি নিয়ে উদ্ধারকাজে অংশ নেয় সে।

প্রথমবার দড়ি দিয়ে হাত বেঁধে কূপে নামানোর সময় ওমরের কাঁধ ও উরু আটকে যায়। ব্যথায় চিৎকার করলে তাকে দ্রুত ওপরে তুলে আনা হয়। পরে দ্বিতীয়বার নামানোর পর কূপের তলায় পৌঁছাতে সক্ষম হয় সে।

এরপর ওমরকে দড়ির সাহায্যে ওপরে তুলে আনা হয়। তার সহযোগিতায় উদ্ধারকারীরা জাইনুল্লাহকেও ধীরে ধীরে কূপ থেকে ওপরে তুলে আনেন। শিশুটিকে জীবিত উদ্ধারের পর কূপের মুখে অপেক্ষমাণ শত শত মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।

আফগানিস্তানে পানির তীব্র সংকটের কারণে কৃষিজমিতে অসংখ্য গভীর ও সরু কূপ খনন করা হয়েছে। অনেক কূপ শুকিয়ে যাওয়ার পরও সেগুলোর মুখ যথাযথভাবে বন্ধ না করায় স্থানীয়দের জন্য সেগুলো প্রাণঘাতী ঝুঁকি তৈরি করছে।

জাইনুল্লাহ যে কূপে পড়ে গিয়েছিল, সেটিও দুই বছর আগে শুকিয়ে যায়। কৃষকেরা কাঠ ও মাটি দিয়ে কূপটির মুখ ঢেকে রেখেছিলেন। তবে সময়ের সঙ্গে কাঠ পচে যায় এবং মাটি আলগা হয়ে যাওয়ায় কূপটির মুখ আবার উন্মুক্ত হয়ে পড়ে।

সূত্র: বিবিসি