সারাবিশ্ব

রাশিয়ায় ভূমিকম্পের পর শুরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৯:৫৩ এএম

রাশিয়ায় ভূমিকম্পের পর শুরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
ছবি: সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। বিশ্বের অন্যতম সক্রিয় ও উচ্চতম আগ্নেয়গিরি ‘ক্ল্যুচেভস্কয়’ এখন ভয়ংকরভাবে লাভা উদগীরণ করছে।

রুশ বিজ্ঞানীদের মতে, আগ্নেয়গিরির ঢাল বেয়ে প্রবল গতি ও উত্তাপ নিয়ে নেমে আসছে জ্বলন্ত লাভার স্রোত।

বুধবার (৩০ জুলাই) প্রশান্ত মহাসাগরে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যেই আগ্নেয়গিরিটি অগ্ন্যুৎপাত শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট।

রুশ বিজ্ঞান একাডেমির ইউনাইটেড জিওফিজিক্যাল সার্ভিস তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, আগ্নেয়গিরির পশ্চিম ঢাল দিয়ে ধেয়ে আসছে লাভা। শীর্ষে দেখা যাচ্ছে তীব্র আলোর ঝলক ও বিস্ফোরণের দৃশ্য। বিশেষজ্ঞদের আশঙ্কা, এটি পার্শ্ববর্তী এলাকাগুলোর জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে।

অগ্ন্যুৎপাতের কেন্দ্রস্থল ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিটি রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এর নামকরণ হয়েছে পাশের ছোট শহর ক্ল্যুচির নামানুসারে। ইউরেশিয়া মহাদেশের সবচেয়ে উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি এটি, যার উচ্চতা প্রায় ৪ হাজার ৮৩৫ মিটার (১৫ হাজার ৮৩৩ ফুট)।

প্রায় সাত হাজার বছর আগে গঠিত এই আগ্নেয়গিরিটি ‘প্রশান্ত মহাসাগরের আগুনের বৃত্ত’ বা Ring of Fire-এর অংশ, যা ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত প্রবণ একটি অঞ্চল হিসেবে পরিচিত।

উল্লেখ্য, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রস্তুতি গ্রহণ করেছে। বিমান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে এবং পার্শ্ববর্তী শহরগুলোতে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।