সারাবিশ্ব

ভারতে বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি’ ট্যাগ লাগিয়ে গ্রেফতার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১২:০৬ পিএম

ভারতে বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি’ ট্যাগ লাগিয়ে গ্রেফতার
ছবি: সংগৃহীত

ভারতের বিভিন্ন রাজ্যে এখন বাংলা ভাষায় কথা বলাকে ‘অপরাধ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, ওড়িশা ও দক্ষিণ ভারতের কিছু অংশে বাংলায় কথা বললেই অনেককে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে আটক কিংবা বাংলাদেশে ফেরত পাঠানোর ঘটনা ঘটছে।

এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি দাবি করেন, আসাম, রাজস্থান, মহারাষ্ট্র, ওড়িশা ও দিল্লিসহ বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের টার্গেট করা হচ্ছে, তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।

বিশেষ করে রাজধানী দিল্লির বসন্তকুঞ্জ এলাকায় বাঙালিপাড়ায় বাংলায় কথা বলার অভিযোগে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা দেশটির সংবাদমাধ্যমে আলোচিত হচ্ছে। এ ছাড়া ওড়িশায় গত কয়েকদিনে প্রায় সাড়ে তিনশ’ ব্যক্তিকে শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এমন এক বিতর্কিত পরিস্থিতিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার একটি মন্তব্য আরও উদ্বেগ বাড়িয়েছে। তিনি বলেন, জনগণনায় কেউ যদি বাংলা ভাষাকে নিজের মাতৃভাষা হিসেবে উল্লেখ করে, তাহলে তাকে ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করা হবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই অবস্থাকে 'ভয়ঙ্কর বিভাজন নীতি' আখ্যা দিয়ে বলেন, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে দেশের নাগরিকদের বাংলাদেশি ট্যাগ দিয়ে পুশব্যাক করা অমানবিক। তিনি চলমান বাদল অধিবেশনেও এই বিষয়ে বক্তব্য রাখেন এবং এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে বিষয়টির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বাংলা ভাষাভাষীদের বিরুদ্ধে এই ধরনের আচরণে বিজেপি-বিরোধী রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে মানুষকে বিভক্ত করার প্রবণতা ভারতের বহুত্ববাদী ঐতিহ্যের পরিপন্থী এবং এটি দেশে সাম্প্রদায়িক উত্তেজনা ও বিভাজনকে আরও উসকে দিচ্ছে।

এই ঘটনাগুলো নিয়ে ইতোমধ্যেই ভারতজুড়ে মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের মাঝে উদ্বেগ বাড়ছে। ভাষাভিত্তিক বৈষম্য ও নাগরিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে একটি বৃহত্তর আন্দোলনের সম্ভাবনাও দেখা দিয়েছে।