সারাবিশ্ব

‘আপনার প্রতি কেউ খুশি নয়’ মোদিকে ফিজির প্রধানমন্ত্রী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৪:৫৮ পিএম

‘আপনার প্রতি কেউ খুশি নয়’ মোদিকে ফিজির প্রধানমন্ত্রী
ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রবুকা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্ককে কেন্দ্র করে ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রবুকা সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন, “আপনার প্রতি কেউ খুব খুশি নয়।”

সম্প্রতি নয়াদিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। তবে রবুকা আশ্বাস দিয়ে বলেন, “আপনি যথেষ্ট শক্তিশালী। এই অস্বস্তিকর পরিস্থিতি সামলে নিতে পারবেন।”—খবর এনডিটিভির।

 নয়াদিল্লির সপ্রু হাউসে ভারতীয় পররাষ্ট্রবিষয়ক পরিষদ (আইসিডব্লিউএ) আয়োজিত ‘ওশান অব পিস’ শীর্ষক বক্তৃতা শেষে শ্রোতাদের সঙ্গে মতবিনিময়কালে রবুকা এ মন্তব্য করেন।

তিন দিনের সফরে গত রোববার তিনি দিল্লি পৌঁছান। সফরে সমুদ্র নিরাপত্তা, বাণিজ্য, স্বাস্থ্য, ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নসহ নানা খাতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই ছিল তার লক্ষ্য।

সোমবার মোদি ও রবুকার বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কর্মপরিকল্পনা গৃহীত হয়। একই সঙ্গে উভয় দেশ শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করে।

বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্বে রবুকাকে জিজ্ঞেস করা হয়— বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ‘ওশান অব পিস’ ধারণাটি কতটা সাড়া পাচ্ছে। উত্তরে তিনি জানান, তার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ হয়নি, তবে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আবেদন করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

রবুকা বলেন, “অনেক বড় দেশের নেতারা বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। আমি পরিবার-ধারণার কথাই বলেছি। পরিবারের সবচেয়ে ছোট বা দুর্বল সদস্য অস্বস্তি প্রকাশ করলে সবাই মনোযোগ দেয়। কারণ বাইরের ঘটনাগুলো আমাদের ওপরও প্রভাব ফেলে।”

এদিকে সাম্প্রতিক সময়ে ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক টানাপোড়েনে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনার জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও যুক্ত হয়েছে।

আজ বুধবার (২৭ আগস্ট) থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ভারতীয় পণ্যে এই শুল্ক কার্যকর হবে। এতে চিংড়ি, পোশাক, চামড়া, রত্ন ও গয়নার মতো শ্রমনির্ভর রপ্তানি খাত ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, রবুকার প্রধানমন্ত্রী হিসেবে এটিই প্রথম ভারত সফর। সোমবারের বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়, দুই নেতা দ্বিপাক্ষিক সব খাত ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে ব্যাপক ও ভবিষ্যতমুখী আলোচনা করেছেন।