সারাবিশ্ব

পাকিস্তানে সামরিক গাড়িবহরে জঙ্গি হামলা, ১২ সেনা নিহত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম

পাকিস্তানে সামরিক গাড়িবহরে জঙ্গি হামলা, ১২ সেনা নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানে ভয়াবহ জঙ্গি হামলার শিকার হয়েছে সেনাবাহিনীর একটি গাড়িবহর। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে বাদার নামক পাহাড়ি এলাকায় এ হামলায় দেশটির অন্তত ১২ সেনা সদস্য নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, হামলার সময় নিরাপত্তা বাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এতে অন্তত ১৩ জন জঙ্গি নিহত হয়। গুলিবিনিময়ের সময় আরও চার সেনা মারাত্মকভাবে আহত হন এবং তারা বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

জঙ্গিগোষ্ঠী ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, হামলার সময় তারা সেনাবাহিনীর কাছ থেকে অস্ত্র ও একটি ড্রোন ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে।

হামলার পর স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আকাশে দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীর হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এসব হেলিকপ্টার হতাহতদের উদ্ধার এবং হামলাকারীদের খোঁজে অভিযানে অংশ নিয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এ ধরনের ঝুঁকিপূর্ণ এলাকায় সেনা কনভয়ের চলাচলের আগে সাধারণত কারফিউ জারি করা হয় এবং অপারেশনের তথ্য গোপন রাখা হয়। তবু কীভাবে হামলা ঘটলো, তা নিয়ে প্রশ্ন উঠছে।

২০১৯ সালের পর থেকে পাকিস্তানে জঙ্গি হামলার প্রবণতা কমলেও, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে সীমান্ত এলাকায় আবারও সহিংসতা বাড়তে শুরু করেছে। পাকিস্তান সরকার এ বিষয়ে আফগান কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেছে, তাদের মাটিকে যেন পাকিস্তানবিরোধী সন্ত্রাসে ব্যবহার না করতে দেওয়া হয়।