রাজধানী
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে হামলা, কয়েক রাউন্ড গুলিবর্ষণ
রাজধানীর ডেমরায় থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাড়িতে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৪টার দিকে সারুলিয়ার রানীমহল সিনেমা হলের পেছনে তার বাসভবনে এ হামলা চালানো হয়।
সেলিম চৌধুরীর বড় ভাই শাহিন চৌধুরী জানান, ভোরে বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। এরপর মায়ের কক্ষের থাই গ্লাস ভাঙার শব্দ শুনে তিনি বারান্দায় যান। এ সময় চারটি মোটরসাইকেলে থাকা হেলমেট পরা ৭ থেকে ৮ জনকে তাদের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে দেখেন তিনি। তাদের ধাওয়া করার চেষ্টা করলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এস এম রেজা চৌধুরী সেলিমের দাবি, ডেমরা থেকে মাদক নির্মূলে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে মাদক কারবারিরা তার বাড়িতে হামলা চালিয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার ভিত্তিতে ডেমরা থেকে মাদক নির্মূলে তিনি ও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের নেতৃত্বে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। মাদক কারবারিদের আটক করে পুলিশে দেওয়া এবং মাদকের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার কারণে সংশ্লিষ্টরাই এই হামলা চালিয়েছে বলে মনে করেন তিনি।
সেলিম চৌধুরী বলেন, রাতের অন্ধকারে গুলি ও সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করা হলেও এতে কোনো লাভ হবে না। যেকোনো মূল্যে ডেমরাকে মাদক কারবারিদের হাত থেকে মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে এ বিষয়ে ডেমরা থানা পুলিশকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাইফুর রহমান মির্জা। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। সেখান থেকে কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশের একটি বিশেষ দল কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।