সারাবিশ্ব
ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ ও চীনকে নিয়ে নতুন জোট গড়তে চায় পাকিস্তান
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) দীর্ঘদিন ধরে অচলাবস্থায় থাকায় এবার ভারতকে পাশে না রেখে বাংলাদেশ ও চীনকে নিয়ে পৃথক আঞ্চলিক জোট গঠনের উদ্যোগ ঘোষণা করেছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় নতুন ভূ-রাজনৈতিক ব্লক দাঁড় করাতে ইসলামাবাদ এই ত্রিমুখী কাঠামোকে শক্তিশালী একটি প্ল্যাটফর্মে রূপ দিতে আগ্রহী।
গত বুধবার অনুষ্ঠিত ‘ইসলামাবাদ কনক্লেভ’-এ পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, আঞ্চলিক সহযোগিতা যেন কোনো একটি দেশের ‘একগুঁয়েমি’র কারণে জিম্মি হয়ে না পড়ে। যদিও নাম উল্লেখ করেননি, তার ইঙ্গিত ছিল ভারতের দিকেই। তিনি জানান, অর্থনীতি, প্রযুক্তি ও সংযোগ বিষয়ে নতুন ধরনের সহযোগিতা কাঠামো তৈরি করা সময়ের দাবি।
বিশ্লেষকদের মতে, আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনার পতনের পর থেকেই দিল্লি–ঢাকা সম্পর্ক শীতল হয়েছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে পাকিস্তান দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমাতে চীনের সঙ্গে সমন্বয়ে নতুন শক্তির সমীকরণ গড়ার চেষ্টা করছে। উল্লেখযোগ্যভাবে, গত জুনে কুনমিংয়ে চীন–পাকিস্তান–বাংলাদেশ কূটনীতিকদের এক ত্রিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল।
ভারত–পাকিস্তান বৈরিতার কারণে সার্ক কার্যত অচল হয়ে পড়ে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য মাত্র ৫ শতাংশে সীমাবদ্ধ। এই স্থবিরতা কাটাতে ও আঞ্চলিক প্রভাব পুনরুদ্ধারে পাকিস্তান এখন বিকল্প জোটের দিকে ঝুঁকছে।
তবে নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপ ভারতের অসন্তুষ্টি সত্ত্বেও সরাসরি এ ধরনের জোটে যুক্ত হবে কি না- তা নিয়ে বিশেষজ্ঞদের মনে সন্দেহ রয়েছে। তবুও পাকিস্তানের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন ধরণের মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।