সারাবিশ্ব
‘ভারত বাংলাদেশে নজর দিলে পাকিস্তানের সেনা ও মিসাইল এর জবাব দেবে’
দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল) যুবনেতা কামরান সাঈদ উসমানি ভারতের দিকে সতর্কবার্তা দিয়ে বলেছেন, যদি ভারতের কোনো পদক্ষেপ বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করে, পাকিস্তান তা শক্ত হাতে প্রতিহত করবে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, উসমানি বলেন, “যদি কেউ বাংলাদেশের দিকে কুদৃষ্টিতে তাকায়, পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী এবং ক্ষেপণাস্ত্র কিন্তু খুব দূরে নয়।” তিনি আরও অভিযোগ করেছেন, ভারতের ‘অখণ্ড ভারত’ আদর্শ বাংলাদেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যা পাকিস্তান মেনে নেবে না।
উসমানি সম্ভাব্য কৌশলগত দৃশ্যপট তুলে ধরেছেন। তিনি বলেন, পশ্চিম থেকে পাকিস্তান, পূর্ব থেকে বাংলাদেশ এবং একদিকে চীন অরুণাচল প্রদেশ ও লাদাখে মনোযোগ দিলে ভারত চাপে পড়বে।
এছাড়া তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছেন। তাঁর মতে, দুদেশই একে অপরের ভূখণ্ডে সামরিক ঘাঁটি স্থাপন করলে কৌশলগত নিয়ন্ত্রণ শক্তিশালী হবে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) মাধ্যমে বাংলাদেশের বন্দরের সঙ্গে আরও ঘনিষ্ঠ সংযোগ সম্ভব হবে।
উসমানি দাবি করেছেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করছে এবং ‘অখণ্ড ভারত’ আদর্শের নামে বাংলাদেশে হিন্দু রাষ্ট্র গঠন চেষ্টা করছে। তিনি বলেন, “যারা সমুদ্র ও বন্দর নিয়ন্ত্রণ করে, তারা বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী হয়।”
পাকিস্তান ও বাংলাদেশের সামরিক অংশীদারিত্ব এ অঞ্চলের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন উসমানি।