সারাবিশ্ব

একসময় অন্যের বাড়িতে কাজ করা কলিতা মাঝি এখন পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:০৪ পিএম

একসময় অন্যের বাড়িতে কাজ করা কলিতা মাঝি এখন পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী
কলিতা মাঝি। ছবি: সংগৃহীত

একসময় সংসারের অভাব মেটাতে অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। মাসে মাত্র আড়াই হাজার রুপি আয় করা সেই নারীই এখন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী। দীর্ঘ সংগ্রাম ও রাজনৈতিক পথচলার মধ্য দিয়ে এ অবস্থানে পৌঁছেছেন বিজেপির নেত্রী কলিতা মাঝি।

চলতি বছরের বিধানসভা নির্বাচনে আউশগ্রাম আসন থেকে বিজয়ী হওয়া কলিতা মাঝি সোমবার (১ জুন) প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শপথের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, একসময় নিজের সংসার চালানোই ছিল বড় চ্যালেঞ্জ, আর এখন তার কাঁধে পুরো পশ্চিমবঙ্গের মানুষের দায়িত্ব।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়া ৩৫ জন সদস্যের একজন কলিতা মাঝি। এই সম্প্রসারণের মাধ্যমে মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে।

নিজের রাজনৈতিক উত্থান সম্পর্কে কলিতা মাঝি বলেন, তিনি কখনও কল্পনাও করেননি যে একদিন বিধায়ক, এমনকি মন্ত্রীও হবেন। ২০১৪ সাল থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করে আসছেন তিনি। প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর নিজের নির্বাচনী এলাকার উন্নয়নেই মনোযোগ দিয়েছিলেন। তবে এখন তার দায়িত্ব আরও বড় পরিসরে বিস্তৃত হয়েছে।

আর্থিক সংকটের কারণে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারেননি কলিতা মাঝি। পরিবারের প্রয়োজন মেটাতে বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করেছেন। তার স্বামী পেশায় প্লাম্বার এবং তাদের ছেলে বর্তমানে স্কুলে অধ্যয়নরত।

রাজনীতিতে তার যাত্রা শুরু হয়েছিল বুথ পর্যায়ের কর্মী হিসেবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হলেও জয় পাননি। তবে ২০২৬ সালের নির্বাচনে দ্বিতীয়বার সুযোগ পেয়ে বিজয়ী হন এবং পরবর্তীতে রাজ্য সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন।

সোমবার কলকাতার লোক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল আর. এন. রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। এ সময় মন্ত্রিসভায় বিভিন্ন পদে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়।