সারাবিশ্ব
চীনের রাজধানী বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা
চীনের রাজধানী বেইজিংয়ে ১০৯ তলা বিশিষ্ট একটি আকাশচুম্বী ভবনে ছোট আকারের একটি স্পোর্টস বিমান আঘাত হানার ঘটনা ঘটেছে। এতে শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভবনটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) বহুল পরিচিত সিআইটিআইসি টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘চায়না জুন’ নামেও পরিচিত ১০৯ তলা ভবনটি থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ে যাচ্ছে। পাশাপাশি মাটিতে বিমানের লেজের অংশ পড়ে থাকতে এবং একটি ট্যাক্সিক্যাবের জানালা ভাঙা অবস্থায় দেখা গেছে।
তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। বিমানটিতে কতজন আরোহী ছিলেন কিংবা এটি কোথা থেকে এসেছিল এ বিষয়েও এখনও নিশ্চিত তথ্য জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।