সারাবিশ্ব

তামিলনাড়ুতে ৫০ ‘বাংলাদেশি’ আটক, ফেরত পাঠাচ্ছে থালাপতি বিজয়ের সরকার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:০১ পিএম

তামিলনাড়ুতে ৫০ ‘বাংলাদেশি’ আটক, ফেরত পাঠাচ্ছে থালাপতি বিজয়ের সরকার
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর বিভিন্ন এলাকা থেকে আটক ৫০ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। অনুপ্রবেশের সন্দেহে আটক এসব ব্যক্তিকে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে পাঠানো হবে বলে জানা গেছে।

আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাদের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল-হরিদাসপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে সীমান্তরক্ষী বাহিনী যাচাই-বাছাই শেষে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠাবে।

তামিলনাড়ু পুলিশের তথ্য অনুযায়ী, রাজ্যের বিভিন্ন স্থান থেকে আটক ৫০ জনকে সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সের একটি বিশেষ শিবিরে রাখা হয়েছিল। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের প্রত্যাবাসনের নির্দেশ দেওয়া হয়।

গত ৩ জুলাই কড়া নিরাপত্তার মধ্যে তিনটি বিশেষ পুলিশ ভ্যানে করে তাদের তিরুচিরাপল্লি রেলস্টেশনে নেওয়া হয়। সেখান থেকে হাওড়া এক্সপ্রেস ট্রেনে করে তাদের পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে।

আটক ব্যক্তিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে পৌঁছানোর পর তাদের পেট্রাপোল-হরিদাসপুর সীমান্তে নিয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। এরপর প্রয়োজনীয় যাচাই ও কূটনৈতিক প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

এদিকে, অনুপ্রবেশ ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকার। এ ধরনের সন্দেহভাজনদের রাখার জন্য বিভিন্ন জেলায় হোল্ডিং সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানেই আটকদের রাখা হচ্ছে এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।