সারাবিশ্ব

চীনের চংকিংয়ে ভয়াবহ ভূমিধস: নিহত ৮, নিখোঁজ অন্তত ৩৪


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৭:০৮ পিএম

চীনের চংকিংয়ে ভয়াবহ ভূমিধস: নিহত ৮, নিখোঁজ অন্তত ৩৪
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ চংকিংয়ের পেংশুই জেলায় ভয়াবহ ভূমিধসে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩৪ জন।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পেংশুই জেলা প্রশাসনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেন জুজিয়াং। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা।

এ পর্যন্ত জীবিত অবস্থায় ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে প্রায় ৮০০ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে কাজ করছেন এবং নিখোঁজদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে।

ভূমিধসটি ঘটে একটি পাহাড়ের পাদদেশে অবস্থিত আবাসিক ও বাণিজ্যিক এলাকার সড়কে। চীনা রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সড়কের বড় একটি অংশ মাটি ও পাথরের স্তূপে চাপা পড়ে গেছে।

দুর্ঘটনার পরপরই পুরো এলাকা ধূলোর ঘন মেঘে ঢেকে যায়। ওই সময় আতঙ্কে মানুষকে দৌড়ঝাঁপ ও চিৎকার করতে দেখা গেছে—এমন দৃশ্যও সম্প্রচার করেছে সিসিটিভি।

সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে স্থানীয় এক কর্মকর্তা জানান, দুর্ঘটনাস্থলটি খাড়া ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি ভূখণ্ড হিসেবে পরিচিত। এখনও সেখানে নতুন করে ভূমিধসের আশঙ্কা রয়েছে।

উদ্ধার কার্যক্রম জোরদার করা এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিতে চীনের কেন্দ্রীয় সরকার ৫ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছে সিসিটিভি।

উল্লেখ্য, এর আগে দুই সপ্তাহেরও কম সময় আগে চীনের উত্তরপশ্চিমাঞ্চলের একটি প্রদেশে আরেকটি ভূমিধসে ২১ জন নিহত হন এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

সূত্র : এএফপি, গালফ নিউজ