সারাবিশ্ব

ভারতে অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম

ভারতে অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন এবং আরও অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের কারখানাটিতে এ বিস্ফোরণ ঘটে। কারখানাটির লাইসেন্স আগেই বাতিল করা হলেও তা একটি স্থানীয় খামারে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল।

বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে দ্রুত মণিনগরের সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্যরা।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রধানমন্ত্রী জানান, নিহতদের প্রত্যেক পরিবারের জন্য দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে।