সারাবিশ্ব
মেসির বিদায়ের ঘণ্টা বাজছে, আন্তর্জাতিক ফুটবল ছাড়ার পথে আর্জেন্টাইন মহাতারকা
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ২০২৬ ফিফা বিশ্বকাপেই শেষ হতে যাচ্ছে আর্জেন্টিনা দলের এক স্বর্ণালি অধ্যায়।
৩৯ বছর বয়সেও অসাধারণ পারফরম্যান্সে পুরো বিশ্বকে মুগ্ধ করেছেন মেসি। টুর্নামেন্টে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হলেও ফাইনালে স্পেনের কাছে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি। তবে প্রধান কোচ লিওনেল স্কালোনি জাতীয় দলের দরজা খোলা রাখলেও আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন এই কিংবদন্তি।
প্রতিবেদন অনুযায়ী, দলের তরুণ খেলোয়াড়দের কাছে দায়িত্ব ধীরে ধীরে হস্তান্তরের জন্য আগামী কয়েক মাস জাতীয় দলে খেলতে পারেন মেসি। তবে পরবর্তী বিশ্বকাপ তার পরিকল্পনায় নেই বিষয়টি এখন প্রায় নিশ্চিত। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিদায় ঘোষণার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।
এদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন পরিকল্পনা করছে বিশেষ এক বিদায়ী ম্যাচের, যেখানে জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের ভক্তরা শেষবারের মতো তাদের প্রিয় ১০ নম্বর জার্সিধারীকে সম্মান জানাতে পারবেন।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল নাটকীয়তায় ভরা। একের পর এক ফাইনাল হেরে সমালোচনার মুখে পড়লেও তার নেতৃত্বেই আর্জেন্টিনা ঘুরে দাঁড়ায়। তার হাত ধরেই দলটি জেতে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা। সেই ধারাবাহিকতায় এবারও তারা বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়।
বিশ্ব ফুটবলের অনেক তারকার অবসর যেখানে নিভৃতে শেষ হয়, সেখানে মেসির বিদায় হতে যাচ্ছে ভিন্ন মাত্রার স্মরণীয়, আবেগঘন এবং ইতিহাসের অংশ হয়ে থাকার মতো এক মুহূর্ত।