সারাবিশ্ব
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক কিছুটা স্থবির হয়ে পড়ে। তবে সাম্প্রতিক নির্বাচনের পর ধীরে ধীরে সেই পরিস্থিতিতে পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত।
শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ মন্তব্য করেন।
ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, বাংলাদেশ সম্প্রতি ভারতে দুজন প্রেস কর্মকর্তা নিয়োগ দিয়েছে, যাদের অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী অবস্থান দেখা গেছে। এ বিষয়ে ভারতের অবস্থান কী—এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি তাদের জানানো হয়েছে। তিনি জানান, দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে ভারত আগ্রহী এবং এ লক্ষ্যে ঢাকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত।
এ সময় এক সাংবাদিক গৌতম লাহিড়ী জানতে চান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শিগগিরই ঢাকা সফরে আসছেন কিনা এবং সে বিষয়ে ভারত অবগত কি না। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সম্ভাব্য সফর সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।