সারাবিশ্ব

‘আজাদি-আজাদি’ করলেই অ্যাকশন নেব: শুভেন্দু অধিকারী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:২০ পিএম

‘আজাদি-আজাদি’ করলেই অ্যাকশন নেব: শুভেন্দু অধিকারী
ছবি: সংগৃহীত

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। তরুণদের নতুন প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও রাজপথ ছাড়েননি আন্দোলনকারীরা; বরং নতুন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

নয়াদিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। আন্দোলনকারীদের ‘আজাদি-আজাদি’ স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার (২৪ জুলাই) ভবানীপুরে রথযাত্রার অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরির জন্য এই মিছিলের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, যে কোনো শান্তিপূর্ণ জমায়েত বা দাবি জানাতে সরকারের আপত্তি নেই। তবে বিক্ষোভের নামে দেশবিরোধী স্লোগান উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি আরও জানান, আগামী সোমবার একই রুটে উত্তর কলকাতা জেলা বিজেপির পক্ষ থেকে জাতীয় পতাকা হাতে প্রায় ১৪ হাজার কর্মীর একটি মিছিল অনুষ্ঠিত হবে।

রথযাত্রার দিন নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বামপন্থি ছাত্র সংগঠনগুলো। এতে ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরাও অংশ নেয়। মিছিলকে ঘিরে ধর্মতলা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এই প্রেক্ষাপটে আন্দোলনকারীদের সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, “জমায়েত করুন, কথা বলুন—তাতে সমস্যা নেই। কিন্তু দেশবিরোধী স্লোগান দিলে তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে, এরপর ‘আজাদি’ স্লোগান দিলে অ্যাকশন নেওয়া হবে।”

এদিকে, মিছিলে যারা উসকানিমূলক স্লোগান দিয়েছে, তাদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।