সারাবিশ্ব

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, ১ দিনেই নিহত ২০


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:৪২ পিএম

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, ১ দিনেই নিহত ২০
ছবি: সংগৃহীত

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে নির্বাচন বর্জনের দাবিতে চলমান আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে ২৪ ঘণ্টায় অন্তত ২০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫০ জনের বেশি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালাকোটের দ্রিক এইথ এলাকায় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। নিহতদের মধ্যে জয়েন্ট প্রটেস্ট অ্যাকশন কমিটির মুখপাত্র উমর নাজির কাশ্মীরির ভাই উসমান নাজিরও রয়েছেন।

গত ৫ জুন থেকে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ শুরু হওয়ার পর এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ৮০ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। কয়েকটি ভিডিও বিশ্লেষণ করে এনডিটিভি জানিয়েছে, বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে এবং জনতাকে লক্ষ্য করে গুলি চালানোর দৃশ্যও রয়েছে।

কাশ্মীরের সামাজিক যোগাযোগমাধ্যমকর্মী আকিল ভাই এক ভিডিও বার্তায় দাবি করেন, রাওয়ালাকোটের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি বলেন, সড়কে মরদেহ পড়ে আছে এবং অসংখ্য মানুষ আহত অবস্থায় সাহায্যের অপেক্ষায় রয়েছেন।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ মানুষের ওপর এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে অনেকেই জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি।

এদিকে কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার পর নিরাপত্তা জোরদার করেছে পাকিস্তান সরকার। নির্বাচনী নিরাপত্তায় ১৪ হাজারের বেশি সশস্ত্র সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে বিশেষ বাহিনী ও স্নাইপার।

স্থানীয়দের অভিযোগ, অভিযানের পাশাপাশি পুরো অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহও ব্যাহত হয়েছে বলে তারা দাবি করেছেন।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিধানসভায় মোট ৫৩টি আসন রয়েছে। এর মধ্যে ৪৫টি আসনে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়। বাকি ৮টি আসন নারী, বিশেষজ্ঞ ও ধর্মীয় ব্যক্তিদের জন্য সংরক্ষিত।

মিরপুর বিভাগের ১৩টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ২ আগস্ট মুজাফফরাবাদ বিভাগের ৯টি আসন ও ১২টি শরণার্থী আসনে ভোট হওয়ার কথা রয়েছে। এছাড়া পুঞ্চ বিভাগের ১১টি আসনে আগামী ১০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।