সারাবিশ্ব

মেরামতের সময় চারতলা ভবন ধসে ৫ জন নিহত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:১৭ পিএম

মেরামতের সময় চারতলা ভবন ধসে ৫ জন নিহত
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র রাজ্যের ভিওয়ান্ডি এলাকায় চারতলা একটি ভবন ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পাওয়ারলুম শিল্পনগরী হিসেবে পরিচিত ভিওয়ান্ডির বালাজি নগর এলাকার কোহিনুর ভবনের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটিতে মেরামতের কাজ চলছিল, সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে।

ভবনটিতে মোট ৪৮টি কক্ষ ছিল, প্রতি তলায় ১২টি করে। এর আগে পৌর কর্তৃপক্ষ ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল। ঘটনার কয়েক ঘণ্টা আগে রাত ৯টার দিকে ভবন থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান বাসিন্দারা। পরে আশঙ্কা থেকে স্থানীয়রা অনেক পরিবারকে দ্রুত সরিয়ে নিতে সক্ষম হন।

তবে কিছু বাসিন্দা তখনও বের হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ভবনের ‘বি’ অংশটি হঠাৎ ধসে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়েছে। এতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী, থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নিয়েছেন।

উদ্ধার কাজে প্রশিক্ষিত কুকুর, চারটি ফায়ার ইঞ্জিন, দুটি অ্যাম্বুলেন্স এবং ভারী খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।