সারাবিশ্ব
বিজেপির জাতীয় মুখপাত্র পদ ছাড়লেন শেহজাদ পুনাওয়ালা
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অন্যতম পরিচিত মুখ শেহজাদ পুনাওয়ালা জাতীয় মুখপাত্রের পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৩১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের পরিচয়ও পরিবর্তন করেছেন শেহজাদ। সেখানে ‘বিজেপির জাতীয় মুখপাত্র’ পরিচয়টি সরিয়ে দিয়ে নিজেকে ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজীবন অনুসারী’ হিসেবে উল্লেখ করেছেন।
হালনাগাদ করা বায়োতে তিনি নিজের ধর্ম ইসলাম, সংস্কৃতি হিন্দু এবং আদর্শ ভারতীয় বলে উল্লেখ করেছেন। পাশাপাশি ‘জিএসটি কি যাত্রা’ বইয়ের লেখক হিসেবেও নিজেকে পরিচয় দিয়েছেন।
পেশায় আইনজীবী শেহজাদ পুনাওয়ালার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল কংগ্রেসের মাধ্যমে। ২০১৭ সালে দলটির অভ্যন্তরীণ নির্বাচন নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলে আলোচনায় আসেন তিনি। সে সময় তিনি অভিযোগ করেছিলেন, রাহুল গান্ধীকে দলের সভাপতি করার জন্য নির্বাচনে কারচুপি করা হয়েছে।
পরবর্তীতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন শেহজাদ এবং দলটির জাতীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি একটি পুরোনো টেলিভিশন সাক্ষাৎকারের অংশ শেয়ার করে তিনি জানান, সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে।
শেহজাদ পুনাওয়ালা সুপরিচিত রাজনৈতিক ভাষ্যকার তাহসিন পুনাওয়ালার ছোট ভাই। কংগ্রেস ত্যাগের পর থেকেই দুই ভাইয়ের মধ্যে আদর্শগত মতবিরোধ প্রকাশ্যে আসে।
তাহসিন পুনাওয়ালা কংগ্রেস-সমর্থক অবস্থান থেকে নরেন্দ্র মোদি সরকারের সমালোচক হিসেবে পরিচিত। ভিন্ন রাজনৈতিক অবস্থানের কারণে দুই ভাই প্রায়ই টেলিভিশন বিতর্কে মুখোমুখি হন, যেখানে উত্তপ্ত বাক্যবিনিময় ও পাল্টাপাল্টি রাজনৈতিক মন্তব্যে পরিস্থিতি তীব্র হয়ে ওঠে।