সারাবিশ্ব

অপমানের প্রতিশোধ নিতে ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১১:১২ পিএম

অপমানের প্রতিশোধ নিতে ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত
ছবি: সংগৃহীত

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের ভেতরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করে এক মুখোশধারী যুবক।

মঙ্গলবার (৪ আগস্ট) হামলার পর গুরুতর আহত অবস্থায় শিক্ষিকাকে উদ্ধার করে আল ফালাহ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে তারা দেখেন, মুখ ঢাকা এক যুবক ওই শিক্ষিকার ওপর ছুরি দিয়ে একের পর এক হামলা চালাচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত প্রথমে শিক্ষিকাকে ডেকে বাইরে আনে। পরে গলা চেপে ধরে টেনে নিয়ে গিয়ে মুখ, ঘাড়, বুক ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে।

এ সময় বাধা দিতে এগিয়ে এলে হামলাকারী উল্টো প্রশাসনিক কর্মকর্তার দিকে তেড়ে আসে। পরে নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।

নিহত শিক্ষিকার নাম সন্ধ্যা। ঘটনার দুই ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে ২১ বছর বয়সী অভিযুক্ত অমিতকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, কোট গ্রামের বাসিন্দা অমিত দীর্ঘদিন ধরে সন্ধ্যাকে উত্ত্যক্ত করছিল।

কয়েক দিন আগে এ বিষয়ে দায়ের করা অভিযোগের পর প্রকাশ্যে ক্ষমা চাইলেও ভেতরে প্রতিশোধের মনোভাব পোষণ করছিল সে। শেষ পর্যন্ত সেই ক্ষোভ থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে অভিযুক্ত।