সারাবিশ্ব

থানার ভেতর তরুণীকে ধর্ষণ, পাকিস্তানে এক থানার সব পুলিশ সদস্য বরখাস্ত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম

থানার ভেতর তরুণীকে ধর্ষণ, পাকিস্তানে এক থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের লাহোরে এক থানার ভেতরে মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের পাশাপাশি সংশ্লিষ্ট থানার সব সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার ডিআইজি (অপারেশনস) ফয়সাল কামরানের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়। ঘটনার পর সোমবার গভীর রাতে তিনি গাজীবাদ থানা পরিদর্শন করেন। অভিযোগ ওঠার পর ব্যবস্থা নিতে বিলম্ব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি না জানানোর কারণে স্টেশন হাউস অফিসারসহ থানার পুরো স্টাফকে বরখাস্তের নির্দেশ দেন তিনি।

অভিযুক্ত কর্মকর্তা তদন্ত শাখার সহকারী উপ-পরিদর্শক ইমরান। অভিযোগ অনুযায়ী, একটি মামলার প্রয়োজন রয়েছে বলে পরিবারের কাছ থেকে ওই তরুণীকে মোটরসাইকেলে করে থানায় নিয়ে আসেন তিনি। পরে থানার ভেতরের একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিআইজি কামরানের নির্দেশে গাজীবাদ থানার স্টেশন হাউস অফিসার, দুইজন সাব-ইনস্পেক্টর, আটজন সহকারী উপ-পরিদর্শক, ফ্রন্ট ডেস্ক স্টাফসহ মোট ৭৮ জন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তার মতে, দুর্বল নজরদারি ও দায়িত্ব পালনে অবহেলার কারণেই এমন কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। থানার ভেতরের প্রতিটি কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত থাকা উচিত বলেও তিনি উল্লেখ করেন।

লাহোর পুলিশের সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় জানানো হয়, থানার শৃঙ্খলা বজায় রাখা, কার্যকর তদারকি নিশ্চিত করা এবং পেশাদার পরিবেশ বজায় রাখা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রধান দায়িত্ব।

গণবরখাস্তের পর থানার স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে নতুন স্টেশন হাউস অফিসার হিসেবে আলী জেব দস্তগীরকে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান থাকলেও তদন্তের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: গালফ নিউজ