সারাবিশ্ব
নেপালের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ: রেড ক্রস
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ ফেডারেশন। একই সঙ্গে নতুন করে বন্যার আশঙ্কা থাকায় পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় সময় সকালে এক সংবাদ সম্মেলনে নেপালে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ ফেডারেশনের প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার বলেন, নতুন করে পানি বাড়লে বন্যার প্রভাব আরও বিস্তৃত হতে পারে। এ কারণে পরিস্থিতি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি জানান, বুধবারের ভয়াবহ বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। তবে দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে এখনো পুরোপুরি পরিস্থিতি মূল্যায়ন করা সম্ভব হয়নি। ফলে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে আরও সময় লাগতে পারে।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি সহায়তা জোরদার করেছে রেড ক্রস। জীবনরক্ষাকারী ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য সংস্থাটি ২ কোটি ৫০ লাখ সুইস ফ্রাঁর জরুরি তহবিল চেয়েছে।
সংস্থাটি জানিয়েছে, নেপালের দুর্গত মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে তাদের বৈশ্বিক নেটওয়ার্কের সক্ষমতা কাজে লাগানো হচ্ছে। খাদ্য, নিরাপদ পানি, আশ্রয়, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য জীবনরক্ষাকারী সহায়তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ভয়াবহ বন্যায় নেপালের বিভিন্ন এলাকায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষ নিখোঁজ রয়েছেন। এর মধ্যে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও কঠিন হয়ে পড়েছে। ফলে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক সহায়তার গুরুত্ব বাড়ছে।