সারাদেশ

মানববন্ধনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম

মানববন্ধনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ
ছবি: সংগৃহীত

মানববন্ধন কর্মসূচিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ শহর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মিন্টু শেখকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে একটি মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেওয়ার পর ওই স্লোগান দেন মিন্টু শেখ। পরে তার দেওয়া স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় দায়িত্বশীল পদে থেকে আওয়ামী লীগের দলীয় স্লোগান দেওয়াকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে। এ কারণে মিন্টু শেখকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, একটি মানববন্ধনে বক্তব্য দেওয়ার পর মিন্টু শেখ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বিএনপির দায়িত্বশীল পদে থেকে আওয়ামী লীগের দলীয় স্লোগান দেওয়ার মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে। এ ঘটনায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত বক্তব্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ মিন্টু শেখকে শোকজ করার বিষয়টি নিশ্চিত করেছেন।