সারাবিশ্ব

সালমানের স্টুডিওতে হামলা, মৌলবাদীদের দায়ী করলেন ময়ূখ রঞ্জন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

সালমানের স্টুডিওতে হামলা, মৌলবাদীদের দায়ী করলেন ময়ূখ রঞ্জন
ছবি: সংগৃহীত

কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। এ ঘটনার জন্য তিনি মৌলবাদীদের দায়ী করেছেন।

২৭ সেপ্টেম্বর দুপুর ১টা ২২ মিনিটে নিজের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে সালমান মুক্তাদিরের প্রতি সমর্থন জানান ময়ূখ রঞ্জন।

পোস্টে তিনি বলেন, চাকরি করা তুলনামূলক সহজ হলেও নিজের উদ্যোগে কিছু তৈরি করা এবং ধীরে ধীরে সেটিকে বড় করে তোলা অনেক বেশি পরিশ্রমের বিষয়। একটি প্রতিষ্ঠান বা স্টুডিও গড়ে তোলার পেছনে যে দীর্ঘ প্রক্রিয়া রয়েছে, সেটির মধ্য দিয়ে তাকেও যেতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ময়ূখ রঞ্জন আরও জানান, নিজের স্টুডিও কেমন হবে, আলো কীভাবে সাজানো হবে এবং কম খরচে ভালো অভ্যন্তরীণ নকশা কোথা থেকে করা যায়, এসব বিষয় নিয়েও তাকে কাজ করতে হয়েছে। বিভিন্ন দেশ ও বিদেশের স্টুডিও থেকে নকশার ধারণা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

সালমানের স্টুডিওর নকশার প্রশংসা করে ময়ূখ রঞ্জন বলেন, ঢাকায় থাকা ওই স্টুডিওটি তার বেশ পছন্দ ছিল। কলকাতায় হলে তিনি নিজের কাজের জন্য সেটি ভাড়া নিতেন বলেও মন্তব্য করেন।

স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ময়ূখ রঞ্জন বলেন, এত কষ্ট করে তৈরি করা স্টুডিওটি তছনছ করে দেওয়া হয়েছে। বিষয়টি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বাংলাদেশে মৌলবাদীদের সংখ্যা বাড়তে থাকলে ভবিষ্যতে কলকাতাতেও একই ধরনের ঘটনা ঘটতে পারে।

পোস্টের শেষ দিকে সালমান মুক্তাদিরকে শক্ত থাকার আহ্বান জানিয়ে আরও বড় স্টুডিও তৈরির পরামর্শ দেন ময়ূখ রঞ্জন। একই সঙ্গে বাংলাদেশের কনটেন্ট নির্মাতাদের মুখ খোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরবর্তী হামলার লক্ষ্য অন্য কেউ হতে পারেন।