সারাবিশ্ব
টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ (ভিডিও)
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। সর্বশেষ ট্র্যাভিস কাউন্টিতে চারজনের মরদেহ উদ্ধারের পর এই সংখ্যা নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এর মধ্যে কেবল কের কাউন্টিতেই মারা গেছেন ৪৩ জন এবং বার্নেট কাউন্টিতে মারা গেছেন আরও তিনজন। নিহতদের মধ্যে অন্তত ১৫ জন শিশু রয়েছে বলে জানা গেছে।
এদিকে, শত শত উদ্ধারকারী নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন। কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত নিখোঁজ সবাইকে খুঁজে না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত উদ্ধার তৎপরতা থেমে থাকবে না।
এখন পর্যন্ত প্রায় ৮৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ স্থানে।
ট্র্যাভিস কাউন্টির গভর্নর গ্রেগ অ্যাবট বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, “ঘুরে দাঁড়ান, কিন্তু ডুবে যাবেন না। বৃষ্টি অব্যাহত থাকলে বাইরে বের হলে অতিমাত্রায় সতর্ক থাকুন।”
অন্যদিকে, ট্র্যাভিস কাউন্টির বিচারক অ্যান্ডি ব্রাউন বাসিন্দাদের আহ্বান জানিয়েছেন বন্যার পানিতে তলিয়ে থাকা রাস্তা এড়িয়ে চলতে, জরুরি প্রয়োজনে সরকারি হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ রাখতে এবং যতক্ষণ না কর্তৃপক্ষ নিরাপদ ঘোষণা করে, ততক্ষণ পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় না ফেরার অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে মধ্য ও দক্ষিণ টেক্সাসজুড়ে শুরু হয় টানা বৃষ্টি। দুপুরের পর বৃষ্টির মাত্রা বেড়ে গেলে সন্ধ্যার পর তা পরিণত হয় প্রবল বর্ষণে। এতে করে গুয়াদালুপে নদীর দুই তীরে আকস্মিক বন্যা দেখা দেয়।
উপ-গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে জানান, মাত্র ৪৫ মিনিটের মধ্যে নদীর পানি ২৬ ফুট বেড়ে যায়, যা এক ভয়াবহ ‘বিধ্বংসী বন্যা’র রূপ নেয়।
উদ্ধারকাজ, সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজ করছে ফেডারেল ও স্থানীয় প্রশাসন। তবে আবহাওয়া পূর্বাভাস বলছে, বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। স্থানীয়দের সর্তক থাকতে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।