সারাবিশ্ব

রাশিয়ার হাতে ১০ দিন সময় আছে বলে হুঁশিয়ারি ট্রাম্পের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১১:০১ এএম

রাশিয়ার হাতে ১০ দিন সময় আছে বলে হুঁশিয়ারি ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধে ও একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে রাশিয়াকে ১০ থেকে ১২ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই সময়ের মধ্যে কোনো অগ্রগতি না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ করা হবে।

বুধবার (৩০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, “যদি যুদ্ধ বন্ধ না হয়, আমরা শুল্ক আরোপ করব এবং আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।”

ট্রাম্প অভিযোগ করেন, রাশিয়া হয়তো যুদ্ধ চালিয়ে যেতে চায়। তবে যুক্তরাষ্ট্র তা মেনে নেবে না। তিনি বলেন, “আমরা প্রয়োজন মনে করলে শুধু রাশিয়ার ওপর নয়, তাদের সঙ্গে ব্যবসা করা অন্যান্য দেশগুলোর ওপরও ‘সেকেন্ডারি ট্যারিফ’ আরোপ করতে পারি।”

ট্রাম্প জানান, তিনি ইতোমধ্যে রাশিয়াকে শান্তি চুক্তির জন্য ১০ থেকে ১২ দিনের সময় দিয়েছেন। যা আগের নির্ধারিত ৫০ দিনের সময়সীমার চেয়ে অনেক কম। তিনি বলেন, “আমি জানি কী হতে যাচ্ছে। তাই ৫০ দিন সময় দেওয়ার প্রয়োজন নেই।”

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই হুঁশিয়ারি মস্কোর ওপর যুক্তরাষ্ট্রের চাপ বাড়ানোর একটি কৌশল। তবে এটি কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে।