সারাবিশ্ব

পবিত্র কোরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৬:০৯ পিএম

পবিত্র কোরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি
ছবি: সংগৃহীত

পবিত্র কোরআন হাতে শপথ গ্রহণ করেছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। বছরের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক ব্যতিক্রমী ও সাদাসিধে আয়োজনের মধ্য দিয়ে তিনি শপথ নেন। এর মাধ্যমে নিউইয়র্কের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মেয়র পবিত্র কোরআন স্পর্শ করে দায়িত্ব গ্রহণ করলেন।

গত ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জোহরান মামদানি নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র হিসেবে নির্বাচিত হন। নির্বাচনে তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করেন। এই বিজয়ের মধ্য দিয়ে তিনি শহরটির প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাস গড়েন।

খবরে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী মামদানি বৃহস্পতিবার নিউইয়র্ক সিটি হলের নিচে অবস্থিত একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন। শপথগ্রহণ অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন স্ত্রী রমা দুয়াজি। এই আয়োজনের মধ্য দিয়েই তিনি নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং আফ্রিকা–বংশোদ্ভূত প্রথম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস, যিনি মামদানির একজন ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত। শপথ গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জোহরান মামদানি বলেন, “এটি সত্যিই আমার জন্য এক বিরাট সম্মানের মুহূর্ত।”

বিশেষ এই অনুষ্ঠানে মামদানির হাতে ছিল পবিত্র কোরআনের দুটি কপি। এর একটি ছিল তার দাদার ব্যবহৃত কোরআন এবং অন্যটি আঠারো শতকের শেষভাগ অথবা উনিশ শতকের শুরুর দিকের একটি ঐতিহাসিক পকেট কোরআন। ক্ষুদ্রাকৃতির এই বিরল কোরআনটি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির শমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহ থেকে নেওয়া হয়।

মামদানির কার্যালয় থেকে জানানো হয়েছে, নতুন মেয়র জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান। সে কারণেই শপথগ্রহণ অনুষ্ঠানকে আড়ম্বরহীন ও সাধারণ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শুক্রবার (২ জানুয়ারি) তিনি নিউইয়র্ক সিটি হলে জনসম্মুখে আরেকটি শপথ অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে তিনি তার দাদা ও দাদীর কাছ থেকে পাওয়া কোরআন সঙ্গে রাখবেন।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউইয়র্কে মুসলিম জনগোষ্ঠীর উপস্থিতি উল্লেখযোগ্য। সেই বাস্তবতার প্রতিফলন ঘটাতেই পবিত্র কোরআন হাতে শপথ নেওয়ার সিদ্ধান্ত নেন মামদানি। শপথের জন্য ঐতিহাসিক কোরআনের কপি বাছাইয়ের ক্ষেত্রে তার স্ত্রী রমা দুয়াজিকে সহায়তা করেন একজন গবেষক।

এর আগে নিউইয়র্কের মেয়ররা সাধারণত পবিত্র বাইবেল হাতে শপথ নিলেও যুক্তরাষ্ট্রের ফেডারেল, অঙ্গরাজ্য কিংবা সিটি সংবিধানে কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহার করার বাধ্যবাধকতা নেই।

নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানো ও সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও জোহরান মামদানি তার মুসলিম পরিচয় নিয়ে সব সময়ই ছিলেন আত্মবিশ্বাসী ও সোচ্চার। নিয়মিত মসজিদে যাতায়াতের মাধ্যমে তিনি মুসলিম ভোটারদের শক্ত সমর্থন আদায় করেন। এই সমর্থকদের একটি বড় অংশই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত, যারা অনেকেই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেছেন।