সারাবিশ্ব
ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে প্রথম সরাসরি সাক্ষাতে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদক তুলে দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
পদক গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, “এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের এক চমৎকার নিদর্শন।” তিনি মাচাদোর এই উদ্যোগকে সম্মানজনক বলে উল্লেখ করেন।
সাক্ষাৎ শেষে মাচাদো বলেন, এটি ভেনেজুয়েলার জনগণের জন্য একটি ঐতিহাসিক দিন। হোয়াইট হাউস থেকে বেরিয়ে তিনি সমর্থকদের উদ্দেশে স্প্যানিশ ভাষায় বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর আস্থা রাখা যায়। পরে সাংবাদিকদের তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিতে পেরে তিনি গর্বিত।
এর আগে মাচাদো প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি তার নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান। তবে নোবেল কমিটি স্পষ্টভাবে জানিয়ে দেয়, নোবেল শান্তি পুরস্কার কোনোভাবেই ভাগ, বাতিল বা হস্তান্তরযোগ্য নয়। নোবেল পিস সেন্টারও জানায়, পদকের মালিকানা পরিবর্তন হতে পারে, কিন্তু বিজয়ীর উপাধি অপরিবর্তিত থাকে।
ওয়াশিংটন সফরকালে মাচাদো যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের সঙ্গেও বৈঠক করেন। এ সফরের মূল উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানানো।
এদিকে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে। প্রথম চালানে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের তেল বিক্রি হয়েছে বলে এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন। তবে এই তেলের ক্রেতা কারা—সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে আটক করে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে তারা দুজনই নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন।