সারাবিশ্ব
‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসারে ভুগছেন জো বাইডেন, জানালেন ছেলে হান্টার
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। এতে তিনি তীব্র শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে সময় পার করছেন বলে জানা গেছে।
শনিবার (৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, বাবার এই অবস্থা দেখা অত্যন্ত কষ্টকর ও বেদনাদায়ক। তিনি আরও জানান, ক্যানসার শরীরের দূরবর্তী অংশে ছড়িয়ে পড়ায় এটি খুবই দুর্বল করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে।
তবে গুরুতর অসুস্থতার মধ্যেও জো বাইডেন দেশের প্রতি দায়িত্ববোধ থেকে মানসিকভাবে দৃঢ় রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
এর আগে ২০২৫ সালের মে মাসে জো বাইডেনের আগ্রাসী ধরনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। পরবর্তীতে তিনি হরমোন থেরাপি ও রেডিয়েশন থেরাপি গ্রহণ করেন।
দীর্ঘ সাক্ষাৎকারে হান্টার বাইডেন তার বাবার নেওয়া একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েও কথা বলেন। প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের শেষ সময়ে তিনি ছেলেকে বিশেষ আদেশের মাধ্যমে সম্পূর্ণ ক্ষমা প্রদান করেন। এর ফলে হান্টার বাইডেনের বিরুদ্ধে থাকা আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকির মামলার রায় কার্যকর হয়নি।
এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা থাকলেও হান্টার বাইডেন জানান, তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন এবং বাবার প্রতি কৃতজ্ঞ।