আইন আদালত

আপিল বিভাগে এক মিনিটের নীরবতা, বিমান দুর্ঘটনায় শোক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০১:২৩ পিএম

আপিল বিভাগে এক মিনিটের নীরবতা, বিমান দুর্ঘটনায় শোক
ছবি: সংগৃহীত

রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২৭ জনের মর্মান্তিক মৃত্যু এবং দেড় শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনায় শোক জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করেছে দেশের সর্বোচ্চ আদালত।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দিনের বিচার কার্যক্রম শুরু হওয়ার আগে এই নীরবতা পালন করা হয়। সুপ্রিম কোর্টের এক বার্তায় জানানো হয়, বাংলাদেশের প্রধান বিচারপতির নির্দেশনায় দেশের সর্বোচ্চ আদালতের উভয় বিভাগে (আপিল ও হাইকোর্ট) বিচার কার্যক্রম শুরুর আগে এই শ্রদ্ধা জানানো হয়।

এ ঘটনায় গভীর শোক জানিয়ে মঙ্গলবারকে ‘রাষ্ট্রীয় শোক দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নিহত ও আহতদের স্মরণে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন চলছে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং তা ভবনের ওপর ছড়িয়ে পড়ে।

সরকারি তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে ২৫ জনই শিক্ষার্থী। আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ, যাদের অনেকেই বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।