আইন আদালত

সাংবাদিক নঈম-বোরহানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৩:১৬ পিএম

সাংবাদিক নঈম-বোরহানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সাংবাদিক নঈম নিজাম ও বোরহান কবীর। ছবি: ঢাকাপ্রকাশ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক নঈম নিজাম, বোরহান কবীর ও ময়নাল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ.এম. জুলফিকার হায়াত এই আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া গণমাধ্যমকে জানান, আজ আদালতে আসামিদের হাজির হওয়ার জন্য আগে থেকেই সমন জারি করা হয়েছিল। তবে তারা কেউ আদালতে উপস্থিত হননি। পরে বাদীপক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে আদেশ দেন।

এ মামলায় এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত ২ জুন তদন্ত প্রতিবেদন জমা দেয়, যা আদালত আমলে নেয়। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তারের অগ্রগতি জানাতে আগামী ২৮ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ব্যারিস্টার এম সারোয়ার হোসেন এই মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় “নুসরাতকে দিয়ে বিচ্ছু সামশু সিন্ডিকেটের ফের ষড়যন্ত্রমূলক মামলা” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়, যা পরে অনলাইনেও ছড়ায়।

মামলার ২৭ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়, সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং মানহানিকর। এতে বাদীর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও অভিযোগ করা হয়।

মামলায় আরও আসামি করা হয়েছে ভাইরাল প্রতিদিন নামক একটি ফেসবুক পেইজের অ্যাডমিন, বর্ণনাকারী, ভিডিও প্রস্তুতকারী ও টেকনিশিয়ানকে।

২০২৩ সালের ২০ নভেম্বর সিআইডির এসআই তরিকুল ইসলাম তদন্ত শেষে সাংবাদিক নঈম নিজামসহ তিনজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।