আইন আদালত

বিশেষ খাবার ‘স্যান্ডউইচ ও ড্রাই ফুড’ খাওয়ার অনুমতি পেলেন না আমু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ পিএম

বিশেষ খাবার ‘স্যান্ডউইচ ও ড্রাই ফুড’ খাওয়ার অনুমতি পেলেন না আমু
ছবি: সংগৃহীত

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর জন্য বিশেষ খাবার হিসেবে স্যান্ডউইচ ও ড্রাই ফুড আনেন তার আইনজীবী মহসিন রেজা। তিনি আদালতের কাছে আসামিকে খাবারটি দেওয়ার অনুমতি চান। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন। শেষ পর্যন্ত আদালত আসামিকে এসব খাবার দেওয়ার আবেদন নাকচ করেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ীতে মো. রিয়াজ (৩৫) নামের এক শ্রমিক নিহতের মামলার শুনানি চলাকালে এ ঘটনা ঘটে।

আসামির আইনজীবী মহসিন রেজা বলেন, “আসামিকে এক ঘণ্টা পর পর খাবার খেতে হয়। এজন্য তার পছন্দের স্যান্ডউইচ ও ড্রাই ফুড আনা হয়েছিল। কিন্তু আদালত তা অনুমোদন করেননি। আমু একজন প্রবীণ ব্যক্তি, নানা শারীরিক সমস্যায় ভুগছেন। তাই তাকে নিয়মিত সময় মেনে খাবার খেতে হয়।”

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন— সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের নেতা আনিসুল হক, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং যাত্রাবাড়ী-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।

এর আগে সকালে পুলিশ কারাগার থেকে আমুসহ মোট সাতজন আসামিকে আদালতে হাজির করে। প্রথমে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কড়া নিরাপত্তার মধ্যে আসামিদের এজলাসে আনা হয়। এসময় তাদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। শুনানি শেষে সকাল সোয়া ১০টার দিকে আবারও কঠোর নিরাপত্তায় তাদের হাজতখানায় ফিরিয়ে নেওয়া হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়, জুলাই আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রমিক রিয়াজ। ওই ঘটনার পর যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়, যেখানে আমুসহ সাতজনকে আসামি করা হয়।