আইন আদালত

কোরআন অবমাননা: দোষ স্বীকার করলেন নর্থ সাউথ শিক্ষার্থী অপূর্ব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ পিএম

কোরআন অবমাননা: দোষ স্বীকার করলেন নর্থ সাউথ শিক্ষার্থী অপূর্ব
অপূর্ব পাল। ছবি: সংগৃহীত

পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে করা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (১৯ অক্টোবর) পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) চাঁদ মিয়া আদালতকে জানান, অপূর্ব স্বেচ্ছায় দোষ স্বীকার করতে রাজি হয়েছেন, তাই তার জবানবন্দি গ্রহণের আবেদন করা হয়।

আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সেফাতুল্লাহ জবানবন্দি গ্রহণ করে তা নথিভুক্ত করেন। এরপর আদালতের নির্দেশে অপূর্বকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই জাকির হোসেন।

গত ৪ অক্টোবর রাতে অপূর্ব পালের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও ফেসবুক পোস্টে তার বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ তোলে সাধারণ মানুষ।

এরপর মধ্যরাতে ক্ষুব্ধ জনতা তার বাসার সামনে জড়ো হয়। খবর পেয়ে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে এবং অপূর্বকে হেফাজতে নেওয়ার উদ্যোগ নেয়।

পুলিশের সহায়তায় তাকে আটক করার সময় উত্তেজিত জনতা অপূর্বকে মারধর করে এবং পুলিশ সদস্যদের প্রতিও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাত প্রায় পৌনে ৩টার দিকে পুলিশ অপূর্বকে হেফাজতে নিতে সক্ষম হয়।

পরদিন তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা হয় এবং তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অপূর্ব পাল ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী।

বিভাগটির প্রভাষক আসিফ বিন আলী জানান, অপূর্ব এর আগেও সাময়িক বহিষ্কৃত হয়েছিলেন। তবে এবার মামলা ও গ্রেপ্তারের ঘটনায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার (১৫ অক্টোবর) আদালত অপূর্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে রোববার তার জবানবন্দি গ্রহণ করা হলো। এখন মামলার তদন্ত চলমান রয়েছে।