আইন আদালত
প্লট জালিয়াতি মামলায় হাসিনা, রেহানা ও টিউলিপসহ ১৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও মেয়ে টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আদালত।
সোমবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায়ে শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড, শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ড এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রায়কে কেন্দ্র করে সকাল থেকেই আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। আদালত চত্বরজুড়ে পুলিশের টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার ছিল।
মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেন আসামিরা। এ ঘটনায় দুদক মামলা দায়ের করে। গত ২৫ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক আজ রায় ঘোষণার দিন ধার্য করেন।
রায় ঘোষণার মধ্য দিয়ে আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রমের অবসান ঘটলো।