আইন আদালত
তাজুল ইসলামকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে অপসারণ করে আপিল বিভাগের আইনজীবী মো. আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটরের দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ ধারা ৭ অনুযায়ী ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটরের পদে নিয়োগ প্রদান করা হলো। তিনি পদমর্যাদা, প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা অ্যাটর্নি জেনারেলের সমতুল্য ভোগ করবেন।
একই সঙ্গে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশও বাতিল করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত মো. আমিনুল ইসলামের পিতা ছিলেন মরহুম মো. নূর মিয়া। তিনি হবিগঞ্জ জেলার বাসিন্দা। মো. আমিনুল ২৭ মে ১৯৯৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ৩০ ডিসেম্বর ২০২১ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেছেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন।