আইন আদালত

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরাম খালাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ এএম

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরাম খালাস
ছবি: সংগৃহীত

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ সময় রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এর আগে, একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরাম হোসেনের আপিল শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। আপিল বিভাগের রায়ে তাকে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ১১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেন। একই মামলায় বাগেরহাটের খান মো. আকরাম হোসেনকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার দিন সকালেই সিরাজ মাস্টার ও খান আকরামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করা হয়, মামলার তিন আসামির মধ্যে সিরাজুল হকের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি এবং আকরামের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে একটি প্রমাণিত হয়েছে। প্রমাণিত পাঁচ অভিযোগের ভিত্তিতে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়—যা ফায়ারিং স্কোয়াডে অথবা ফাঁসির মাধ্যমে কার্যকরের নির্দেশ ছিল। অপরদিকে, প্রমাণিত এক অভিযোগে আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

এই রায়ের বিরুদ্ধে খান আকরাম হোসেন আপিল করেন। মামলার অপর আসামি আবদুল লতিফ তালুকদার বিচারাধীন অবস্থায় মৃত্যুবরণ করায় তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়।

উল্লেখ্য, আপিল বিভাগের সর্বশেষ রায়ে খান আকরাম হোসেন খালাস পাওয়ায় দীর্ঘদিন ধরে চলা এই মামলার বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমাপ্ত হলো।

সূত্র: নিউজ টোয়েন্টিফোর