আইন আদালত

খালাস করিয়ে দিতে কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে ট্রাইব্যুনালের প্রসিকিউটরকে অব্যাহতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১২:১০ পিএম

খালাস করিয়ে দিতে কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে ট্রাইব্যুনালের প্রসিকিউটরকে অব্যাহতি
মো. সাইমুম রেজা তালুকদার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলায় সাবেক এক সংসদ সদস্যকে খালাস করিয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে।

অভিযোগ ওঠার পর সোমবার তিনি পদত্যাগ করেন এবং একই দিনে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় আইন মন্ত্রণালয়। এর আগে ২০২৪ সালের ৭ অক্টোবর তাকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

পদত্যাগের কয়েক ঘণ্টা পরই ঘুষ দাবির অভিযোগসংক্রান্ত দুটি কথিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে প্রকাশ পায়। ওই অডিওগুলোতে সাইমুম রেজা তালুকদারকে চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের এক আইনজীবীর সঙ্গে ঘুষের বিষয়ে দরকষাকষি করতে শোনা যায় বলে দাবি করা হয়েছে।

অডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয়ে আলোচনা করতে প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশন টিম মঙ্গলবার সকালে রুদ্ধদ্বার বৈঠকে বসে। বৈঠক শেষে দুপুরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে।

ফাঁস হওয়া কথিত অডিও ক্লিপগুলোতে আর্থিক লেনদেন ছাড়াও ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অভ্যন্তরীণ কার্যক্রম এবং রাজনৈতিক তদবির সংক্রান্ত কথোপকথন শোনা যায় বলে জানা গেছে। গণমাধ্যমে প্রকাশিত অডিওতে সাইমুম রেজাকে সরাসরি এক কোটি টাকা প্রত্যাশার কথা বলতে এবং কিস্তিতে টাকা পরিশোধের বিষয়েও আলোচনা করতে শোনা যায়।

তবে ঘুষ দাবির অভিযোগ ও অডিওর সত্যতা অস্বীকার করেছেন সাইমুম রেজা তালুকদার। সোমবার রাত ৯টা ৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এটি একটি মহলের অপপ্রচার এবং প্রচারিত অডিওগুলো সম্পূর্ণ মিথ্যা।

উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করে পুলিশ। প্রসিকিউশনের তথ্যমতে, জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ নয়জন নিহত এবং ৪৫৯ জন আহত হওয়ার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি ওই হত্যা মামলায় কারাগারে রয়েছেন।