আইন আদালত
মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যা, প্রতিবেশীকে ৬ মাসের কারাদণ্ড
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পোষা বিড়াল হত্যার ঘটনায় অভিযুক্ত আকবর হোসেন শিবলুকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত বুধবার (১১ মার্চ) দুপুরে এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, এর আগে গত ৩ ফেব্রুয়ারি মামলার বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন। পরে ওইদিন রায় ঘোষণা সম্ভব না হওয়ায় তারিখ পিছিয়ে আজ বুধবার নতুন দিন নির্ধারণ করা হয়।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ ফেব্রুয়ারি ‘পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ার’-এর পক্ষে নাফিসা নওরীন চৌধুরী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। আদালত ওইদিন বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্তের জন্য মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেন।
পরে পুলিশ তদন্ত শেষে আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন জমা দেয়। এর ভিত্তিতে গত ১৪ জুলাই আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয় গত ২ ডিসেম্বর এবং এতে চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলায় মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়াল নিখোঁজ হয়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন। লাথির আঘাতে বিড়ালটি নিথর হয়ে পড়লেও তিনি পা দিয়ে চাপ দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী বিষয়টি দেখে বাদীকে জানান। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত নিশ্চিত হন যে, আসামি ইচ্ছাকৃতভাবে নিষ্ঠুরভাবে বিড়ালটিকে হত্যা করেছেন।