আইন আদালত

দেড় যুগ আগের মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ০২:২১ পিএম

দেড় যুগ আগের মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড
বিদিশা এরশাদ। ছবি: সংগৃহীত

ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা মামলায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ রায় ঘোষণা করেন।

রায়ে বিদিশা এরশাদকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের কারাভোগ করতে হবে বলে আদালত জানিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. হেমায়েত উদ্দিন খান হিরন বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ের সময় বিদিশা আদালতে উপস্থিত ছিলেন না। পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগ ওঠে। এ ঘটনায় ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালে গুলশান থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ প্রায় দেড় যুগ পর সেই মামলার রায় ঘোষণা করল আদালত।