আইন আদালত

শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৮:৫৩ পিএম

শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও নিষিদ্ধ কার্যক্রমের দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার উচিত দেশে ফিরে তার বিরুদ্ধে হওয়া সাজা ও বিচারাধীন মামলাগুলো আইনিভাবে মোকাবিলা করা।

রোববার (৫ জুলাই) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আপিলের সুযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, সাধারণত রায় ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে আপিল করার বিধান রয়েছে, যা ইতোমধ্যে অতিক্রম করেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আপিলসহ অন্যান্য আইনি বিষয় আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে। এ বিষয়ে আগাম মন্তব্য করা সম্ভব নয়।

তিনি আরও জানান, শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শাপলা চত্বরের ঘটনাসহ মানবতাবিরোধী অপরাধের আরও কয়েকটি মামলায় তাকে বিচারের মুখোমুখি হতে হতে পারে বলে জানান চিফ প্রসিকিউটর।

সংবাদ সম্মেলনে হাসানুল হক ইনুকে নিয়ে ট্রাইব্যুনালের অবস্থানও তুলে ধরা হয়। চিফ প্রসিকিউটর বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর সংক্রান্ত মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আসামি করা হবে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তৎকালীন তথ্যমন্ত্রী হিসেবে তার নির্দেশনায় দুটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ এবং কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় স্নাইপার রাইফেল ব্যবহারের বিষয়টিও তদন্তে উঠে এসেছে বলে জানান মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের বিরুদ্ধে স্নাইপার ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। যাত্রাবাড়ীর একটি মামলার তদন্তে আরও দেখা গেছে, পুলিশের নামে ইস্যু করা অস্ত্র সন্ত্রাসীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছিল এবং তা নির্বিচারে ব্যবহার করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এসব পদক্ষেপ জুলাই গণঅভ্যুত্থান এবং অতীতের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।