আইন আদালত
বিয়ের দেনমোহর নিয়ে হাইকোর্টের রুল
বিবাহিত নারীর অধিকার ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিয়ের তারিখ থেকে যৌক্তিক সময় পর পরিশোধযোগ্য দেনমোহরের মূল্যায়ন, নির্ধারণ ও আদায়ের জন্য নীতিমালা প্রণয়নের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৩ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে জানতে চাওয়া হয়েছে, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ১০ ধারা অনুযায়ী বিয়ের তারিখ থেকে যৌক্তিক সময় পর পরিশোধযোগ্য দেনমোহরের মূল্যায়ন, নির্ধারণ, আদায়পদ্ধতি ও প্রক্রিয়াসংবলিত নীতিমালা কেন প্রণয়ন ও জারি করা হবে না। একই সঙ্গে আইন সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত ৫ জুলাই বিবাহিত নারীর অধিকার ও আর্থিক স্বার্থ সুরক্ষায় পরিশোধযোগ্য দেনমোহর আদায়ের জন্য মূল্যায়ন ও প্রক্রিয়াসংবলিত বিস্তারিত নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা আখতার। আদালতে তিনি নিজেই রিটের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন উপ-অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান ও মাহফুজ বিন ইউসুফ।
শুনানি শেষে আইনজীবী ফাহমিদা আখতার বলেন, বিয়ের সময় অনেক ক্ষেত্রে দেনমোহরের একটি অংশ পরিশোধ করা হলেও বাকি অংশ বিলম্বিত রাখা হয়। আবার কেউ কেউ তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ দেনমোহর পরিশোধ করেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই বিলম্বিত দেনমোহর দীর্ঘ সময় পরও পরিশোধ না করার প্রবণতা দেখা যায়।
তিনি আরও বলেন, বর্তমানে বিয়ের সময় যে দেনমোহর নির্ধারণ করা হয়, বহু বছর পার হলেও তার মূল্য অপরিবর্তিত থাকে। বিলম্বিত দেনমোহরের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হলে বিবাহিত নারীর আর্থিক সুরক্ষা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে। এ লক্ষ্যেই মুসলিম শরিয়াহ আইন অনুসারে বিলম্বিত দেনমোহর পরিশোধের নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।