আইন আদালত

স্ত্রী মোহনাকে মারধরের মামলায় কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন কারাগারে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:২২ পিএম

স্ত্রী মোহনাকে মারধরের মামলায় কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন কারাগারে
ছবি: সংগৃহীত

স্ত্রীর করা যৌতুক ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার হওয়া কনটেন্ট নির্মাতা আবদুল্লাহ আল মামুন, যিনি প্রিন্স মামুন নামে পরিচিত, তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মো. ইয়াউর রহমান আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী তাঁকে নির্দোষ দাবি করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে প্রিন্স মামুনের স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা ভাটারা থানায় মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, প্রায় পাঁচ মাস আগে তাঁদের বিয়ে হয় এবং বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল।

এজাহারে আরও উল্লেখ করা হয়, প্রিন্স মামুন এক কোটি টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এছাড়া তাঁর বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকা ও মাদকাসক্তির অভিযোগও তোলা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে আবারও যৌতুকের টাকা দাবি করলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তিনি মোহনাকে মারধর করেন এবং গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এতে মোহনার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে, যার মধ্যে চোখের নিচে রক্তাক্ত জখম ও কানে আঘাতের বিষয়ও উল্লেখ করা হয়েছে।