আইন আদালত

ইয়ামিন হত্যা মামলায় ট্রাইব্যুনালে চার্জশিট: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জন অভিযুক্ত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম

ইয়ামিন হত্যা মামলায় ট্রাইব্যুনালে চার্জশিট: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জন অভিযুক্ত
ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

রোববার (২৬ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ জমা দেওয়া হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থার প্রতিবেদন পর্যালোচনা করে ১৯ জনকে আসামি করে এই চার্জ দাখিল করা হয়েছে। এ বিষয়ে আজই শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলায় বর্তমানে সাতজন আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলী, নায়েক সোহেল, মিজানুর রহমান, জাকির হোসেন ও কনস্টেবল মাসুদ মিয়া।

নিহত আসহাবুল ইয়ামিন সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় তিনি গুরুতরভাবে আহত হন।

অভিযোগে বলা হয়, ইয়ামিনকে ধরে টেনে একটি সাঁজোয়া যানের কাছে নিয়ে বুকের বাঁ পাশে গুলি করা হয়, এতে তার শরীরে অসংখ্য স্প্লিন্টার ঢুকে পড়ে। পরে তাকে সাঁজোয়া যানের ওপর ফেলে রেখে আন্দোলনরতদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে দেওয়া হলে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।