আইন আদালত

হাইকোর্টে ৫৫ বেঞ্চ পুনর্গঠন, মঙ্গলবার থেকে শুরু বিচারকার্য


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:০৫ পিএম

হাইকোর্টে ৫৫ বেঞ্চ পুনর্গঠন, মঙ্গলবার থেকে শুরু বিচারকার্য
ছবি: সংগৃহীত

হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আরও গতিশীল করতে ৫৫টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। নতুন এই বেঞ্চ বিন্যাস অনুযায়ী আগামী মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে বিচারকার্য শুরু হবে।

সোমবার (১০ আগস্ট) প্রধান বিচারপতির নির্দেশনার পর সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ও বিস্তারিত কার্যতালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকোর্ট বিভাগের মোট ৯৩ জন বিচারপতিকে নিয়ে দ্বৈত ও একক মিলিয়ে ৫৫টি বেঞ্চ গঠন করা হয়েছে। এর মধ্যে ১০টি ফৌজদারি মোশন বেঞ্চ, ৬টি রিট মোশন বেঞ্চ এবং ৫টি ডেথ রেফারেন্স বেঞ্চ অন্তর্ভুক্ত রয়েছে।

পুনর্গঠিত বেঞ্চগুলোর মধ্যে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চকে বিশেষ এখতিয়ার দেওয়া হয়েছে। এই বেঞ্চ শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশ্লিষ্ট মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণ সংক্রান্ত রুল ও আবেদন গ্রহণ এবং শুনানি করবে।

বিচারপ্রার্থীদের জট কমানো এবং বিচারিক কার্যক্রমে গতি আনতেই নিয়মিত বিরতিতে এ ধরনের বেঞ্চ পুনর্গঠন করা হয়। নতুন বিন্যাস অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টে বিচারকার্য শুরু হবে।