লাইফস্টাইল
ডিপ ফ্রিজে এভারেস্টের মতো বরফ জমছে? জেনে নিন সমাধান
ছোট পরিবার বা ব্যাচেলরদের জন্য সিঙ্গেল ডোর ফ্রিজ একদম পারফেক্ট। জায়গা কম লাগে, দামেও সাশ্রয়ী। কিন্তু এ ফ্রিজের একটা বড় সমস্যা হলো ডিপ ফ্রিজে দ্রুত বরফ জমে যাওয়া, যেন মনে হয় হিমালয় থেকে বরফ এনে ঢুকিয়ে দিয়েছে কেউ!
বিশেষ করে পুরনো মডেলের ফ্রিজ হলে তো কথাই নেই—দুই-তিন দিনেই ফ্রিজার হয়ে যায় বরফের পাহাড়। এতে শুধু ঠান্ডা কমে না, বিদ্যুৎ বিল বাড়ে, খাবারে গন্ধ ধরে, এমনকি ফ্রিজের মোটরও চাপ খায়।
আর যদি ফ্রিজে অটো-ডিফ্রস্ট ব্যবস্থা না থাকে, তাহলে তো সমস্যা আরও বড়। নিজেকেই সময় নিয়ে বরফ পরিষ্কার করতে হয়।

তবে চিন্তার কিছু নেই! ঘরোয়া কিছু টোটকায় আপনি খুব সহজেই এই জমে থাকা বরফ গলিয়ে ফেলতে পারবেন। চলুন দেখে নিই ডিপ ফ্রিজে জমে থাকা বরফ পরিষ্কার করার ৭টি সহজ উপায়, যা একদম সময় ও শ্রম বাঁচায়।
১. ফ্রিজ বন্ধ করে খাবারগুলো সরিয়ে ফেলুন: প্রথমেই নিরাপত্তার জন্য ফ্রিজের প্লাগ খুলে ফেলুন। এরপর ভেতরের সব খাবার বের করে বরফ বক্স কুলার বা ইনসুলেটেড ব্যাগে রাখুন, যাতে সেসব ঠান্ডা থাকে। ফ্রিজের চারপাশে তোয়ালে বিছিয়ে রাখুন, যাতে গলে যাওয়া জল শুষে নেয়।

২. গরম জলের বাটি রাখুন: এটি সবচেয়ে সহজ ও নিরাপদ উপায়। ফুটন্ত গরম জল একটি হিট-প্রুফ বাটিতে নিয়ে ফ্রিজের ভেতরে একটি তোয়ালের উপর রাখুন। ফ্রিজের দরজা বন্ধ করুন এবং ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। বাষ্প বরফ আলগা করে দেবে। এরপর দরজা খুলে বরফ নরম হয়ে গেছে কিনা, তা পরীক্ষা করুন। নরম হতেই শুরু করলে বুঝবেন বরফ চেঁছে বের করার জন্য প্রস্তুত।
৩. প্লাস্টিক বা কাঠের চামচ দিয়ে চাঁছুন: এক্ষেত্রে কিন্তু কখনই ধাতব কিছু ব্যবহার করবেন না, এতে ফ্রিজের ভিতরের প্লাস্টিক লাইনিং বা কুলিং কয়েল ক্ষতিগ্রস্ত হতে পারে। বরং প্লাস্টিকের স্প্যাচুলা, স্ক্র্যাপার বা কাঠের চামচ ব্যবহার করুন। ধীরে ধীরে খুঁচিয়ে বরফ তুলুন, জোরে চাপ দেবেন না। আর অবশ্যই ফ্রিজ আনপ্লাগ করে নেবেন।

৪. হেয়ার ড্রায়ার: হেয়ার ড্রায়ার মাঝারি বা কম তাপে চালান এবং বরফের কিছুটা দূর থেকে গরম বাতাস দিন। বরফ গলতে শুরু করলে প্লাস্টিকের চামচ দিয়ে চেঁছে তুলে ফেলুন। তবে খুব সতর্ক থাকবেন, জল বা বরফের সংস্পর্শে হেয়ার ড্রায়ার যেন না আসে।
৫. রাবিং অ্যালকোহল স্প্রে ব্যবহার করুন: রাবিং অ্যালকোহল, অর্থাৎ কোনও কিছু জীবাণুমুক্ত করতে যে অ্যালকোহল ব্যবহার করা হয়, তা গরম পানির সঙ্গে মিশিয়ে একটি স্প্রে বোতলে ঢালুন। এরপর এটি পাতলা বরফের স্তরের ওপর সরাসরি স্প্রে করুন। অ্যালকোহলের হিমাঙ্ক (ফ্রিজিং পয়েন্ট) কম হওয়ায় এটি হালকা বরফ দ্রুত গলিয়ে ফেলতে সাহায্য করে।

৬. গরম ভেজা তোয়ালে রাখুন: পুরু তোয়ালে গরম জল ভিজিয়ে একটু নিংড়ে নিন, তারপর বরফের উপর রেখে ফ্রিজের দরজা বন্ধ করুন। ৫-১০ মিনিট ফ্রিজের দরজা বন্ধ রাখুন। গরম তোয়ালের তাপে বরফ আলগা হয়ে যাবে। পুরু বরফ হলে প্রক্রিয়াটি কয়েকবার করতে হতে পারে। তবে আপনার ফ্রিজের ম্যানুয়াল দেখে নিন কোনও সতর্কতা দেওয়া আছে কি না।
৭. ফ্যান ব্যবহার করুন: হেয়ার ড্রায়ার ব্যবহার করতে না চাইলে বা না থাকলে ফ্রিজ খুলে একটি টেবিল ফ্যান চালিয়ে দিন। এতে গরম বাতাস ফ্রিজের ভিতরে ঢুকবে। ফলে কোনও অতিরিক্ত তাপের ঝুঁকি ছাড়াই ধীরে ধীরে বরফ গলতে শুরু করবে।

বরফ গলার পর যা করা জরুরি-
ফ্রিজেরভিতর পরিষ্কার তোয়ালে ও হালকা গরম জল ভেজানো সাবানযুক্ত কাপড় দিয়ে মুছে ফেলুন। ভাল ভাবে শুকিয়ে নিন যেন ভিতরটা আর্দ্র না থাকে। ফ্রিজ আবার চালু করে ঠান্ডা হতে দিন। ফ্রিজ ঠান্ডা হলে খাবারগুলি আবার সাজিয়ে রাখুন।
ভবিষ্যতে বরফ জমা ঠেকাতে করণীয় কাজ-
প্রতিবার ব্যবহারের পর ফ্রিজের দরজা ভাল ভাবে বন্ধ করুন। দরজা খুব বেশি সময় খোলা রাখবেন না। দরজার সিল চেক করুন, ফাঁক বা ফাটল থাকলে মেরামত করুন। গরম খাবার ফ্রিজে রাখার আগে ঠান্ডা করে নিন, এতে আর্দ্রতা কমবে। ফ্রিজ অতিরিক্ত বোঝাই করবেন না, এতে বাতাস চলাচল ব্যাহত হয় ও আর্দ্রতা আটকে থাকে।